কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে বিট পুলিশিং প্রতিরোধ সভা অনুষ্ঠিত
আব্দুর রউফ ভুঁইয়া : কিশোরগঞ্জ প্রতিনিধি-মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের প্রতিহত করতে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ নং দানাপাটুলী ইউনিয়ন পুলিশিং কমিটির উদ্যোগে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে এক বিট পুলিশিং প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকালে দানা পাটুলি ইউনিয়নের আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে এই বিট পুলিশিং প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।
১১নং দানাপাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলার বিএন পির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান তালুকদার, দানাপাটুলী ইউনিয়ন বিট পুলিশিং অফিসার সদর মডেল থানার এস আই আকিদুল ইসলাম ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এ সময় মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দানাপাটুলী ইউনিয়নে মাদক বেচাকেনা চলছে। জুয়ারীদের আনাগোনা বাড়ছে। বিশেষ করে রাত গভীর হলে মোটরসাইকেলে মাদক কারবারিরা এসব গ্রামে এসে বেচাকেনা শুরু করে। তাদের যন্ত্রণায় নারী, শিশু-কিশোরসহ সবাই অতিষ্ঠ। তাদের মাদক ব্যবসা কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছে না। গ্রামের প্রায় প্রতিটি পরিবারের কিশোর, তরুণ, যুবকরা ক্রমেই মাদকের দিকে ঝুঁকে পড়ছে। মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের এবং যারা মাদক গ্রহণ করে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে এলাকাবাসী মতামত প্রদান করেন। মাদক নির্মূলে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলনেরর অংশ হিসেবে অভিভাবকদের নিয়ে বিভিন্ন পর্যায়ের মাদকের ক্ষতিকারক দিকগুলো আলোচনা করা হয়। মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিকরতে মাদকের শারীরিক ও মানসিক প্রভাব সম্পর্কে তথ্যসমূহ সহজভাবে মানুষের কাছে আগামীতে পৌঁছে দেয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে কোন আপোষ নেই। থানা পুলিশ জনগণের পাশে আছে। যে কোন প্রয়োজনে বা যে কোন মাদক ব্যবসায়ীদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মাদকের বিরুদ্ধেকাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































